প্রধান শিক্ষিকার বানী

প্রধান শিক্ষিকা এর কথা

বিসমিল্লাহির রাহমানির রাহীম

জীবনের জন্য আলোর প্রয়োজন, আলো ছাড়া মানুষের জীবন চলতে পারে না। তাই দিবারাত্র চলাচলের জন্য মহান আল্লাহ্‌ চন্দ্র সূর্যের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছেন। এই আলো বাহ্যিক অন্ধকারকে দূর করতে সক্ষম হলেও আত্মিক, সামাজিক, রাষ্ট্রীয় অন্ধকার দূর করতে মোটেও সক্ষম নয়। আর এই জন্য প্রয়োজন জ্ঞানের আলো। আর প্রকৃত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন বলিষ্ঠ সাধনা। নিরন্তর সাধনা দ্বারাই সুশিক্ষা লাভ সম্ভব এবং জীবনের লক্ষ্য অর্জন হয় সহজতর। সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে হলে সময় সম্পর্কেও সচেতন থাকতে হবে।আমরা প্রত্যেকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে ও ধরে রাখতে চেষ্টা করি। আর সেই শান্তি পূর্ণ পরিবেশ ধরে রাখার জন্য মহান আল্লাহ্‌ তা’আলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ্‌ তা’আলা পবিত্র কোরআনে বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ মানুষকে কল্যাণের পথে ডাকা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা’’। কিন্তু কালের বিবর্তনে আমাদের স্বার্থপরতার কারণে ব্যাক্তি, সমাজ, রাষ্ট্র আজ কলুষিত।
তাই কলুষমুক্ত পরিবেশ, দেশ ও জাতি গঠনে ভবিষ্যৎ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। তোমাদের হাতে হবে যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন, দেশ প্রেমিক, সৃজনশীল সুশিক্ষিত, ব্যক্তিত্বপুর্ন আলোকিত মানুষ। তোমরাই গোটা বিশ্বকে করবে জ্ঞানের আলোয় আলোকিত। তোমরা প্রত্যেকে ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টা চালালে এই সমাজ ও দেশ থেকে অন্যায়ের কালো হাত ভেঙ্গে দিয়ে শান্তির বারতা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ কেননা আল্লাহ্‌ তায়ালা সর্বদা সত্যের সহায়ক। দুনিয়ার মানুষ তোমার কর্মগুনে তোমাকে স্মরণ করবে। জেনে রেখ কীর্তিমানের মৃত্যু নেই। তাই এসো ছাত্র ছাত্রীরা আমরা অন্তর থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায়, অন্যায্যতা,ও অশান্তি দূর করে আমাদের সৃজনশীল শক্তি কাজে লাগাই ও আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলি। তবেই আমাদের মাঝে শান্তি ও আনন্দ বিরাজ করবে এবং দেশে প্রবাহিত হবে আনন্দধারা। মহান আল্লাহ্‌ আমাদের সহায় হোন। আমীন।

 

রোজিনা আক্তার রিতু
প্রধান শিক্ষিকা
ন্যাশনাল ইনিশিয়াল স্কুল